পৌরসভায় অবৈধ ক্যাডার নিয়োগ, উৎসবের পরেই কি বড় পদক্ষেপ?

বার্তা ডেস্কঃ

কলকাতা: রাজ্যের পৌরসভাগুলিতে অবৈধভাবে দলীয় ক্যাডার নিয়োগের অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। নগরায়ন ভবনে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিভিন্ন পুরসভায় নিয়মবহির্ভূতভাবে তৃণমূল ক্যাডারদের বসিয়ে রাখা হয়েছে। তবে উৎসবের মরশুমে কোনো কঠোর সিদ্ধান্ত না নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট জানান, দুর্গা ও জগদ্ধাত্রী পুজো মিটলেই এসব ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ঝাড়াই-বাছাই’ শুরু হবে। বৈঠক শেষে পৌর পরিষেবায় যুক্ত কর্মীদের স্বস্তির বার্তা দিয়ে নিশ্চিত করা হয় যে, উৎসবের আগেই বকেয়া বেতন, পেনশন এবং সরবরাহকারীদের পাওনা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তাঘাট মেরামত ও বিশেষ সাফাই অভিযানের ওপর জোর দেওয়া হয়েছে। রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জানুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র ১৮ জন ডেঙ্গিতে মারা গেছেন ও ২১০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাই অযথা আতঙ্ক না ছড়িয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, সার্বিক উৎসবের মরশুম যেন আনন্দময় ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট দিকনির্দেশ প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *