মাছি মারতে হাতুড়ি নয়! দিল্লির অচলাবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের তোপ

বার্তা ডেস্কঃ

দিল্লি ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক প্রতিবাদের জেরে গণপরিবহন ব্যবস্থা বন্ধ রাখার কঠোর সমালোচনা করল সুপ্রিম কোর্ট। ককরোচ জনতা পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা ও কড়াকড়ি আরোপ করা হয়। মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে সিপিএম নেতা এম এ বেবি ও বিরোধী সাংসদ কপিল সিবলের করা মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জনগণের ট্রেন বা মেট্রো চড়ার অধিকার কেড়ে নেওয়া যায় না এবং আমজনতার যাতায়াতে এভাবে লাগাম টানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুনানি পর্বে আদালত সরকারকে কঠোর বার্তা দিয়ে বলেছে, প্রতিবাদ নিয়ন্ত্রণের নামে গোটা শহরকে অচল করা বা বিকল্প বন্দোবস্ত ছাড়া রাস্তা আটকে দেওয়া অন্যায়। সলিসিটর জেনারেল তুষার মেহতা মেট্রো স্টেশন খোলা রাখার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, হাজার হাজার সাধারণ মানুষ পেটের দায়ে গণপরিবহনের ওপর নির্ভরশীল, তাই প্রশাসন কোনোমতেই চরম সিদ্ধান্ত নিতে পারে না। উল্লেখ্য, এই প্রতিবাদের জেরে একাধিক মেট্রো স্টেশন বন্ধ থাকা এবং ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *