নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে নির্যাতিতার মায়ের ক্ষোভ, কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী?
বার্তা ডেস্কঃ
আরজি কর কাণ্ডের জেরে ফের উত্তপ্ত রাজনৈতিক ও চিকিৎসকমহল। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত হয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে অপসারণের দাবি তুললেন নির্যাতিতার মা তথা জলহাটির বিধায়ক রত্না দেবনাথ। মঞ্চ থেকে সরাসরি তাঁর অভিযোগ, তৎকালীন স্বাস্থ্যসচিবের নির্দেশেই মেয়ের দেহ উদ্ধারের স্থান সংলগ্ন শৌচাগারটি ভেঙে ফেলা হয়েছিল। একই সঙ্গে স্বাস্থ্য দফতরের একাধিক উধ্বর্তন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের সাসপেন্ড করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে সিবিআইয়ের স্টেটাস রিপোর্টের প্রতিলিপিও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন নির্যাতিতার পরিবার।
অভিযোগ শোনার পর তৎক্ষণাৎ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, শৌচাগার ভাঙার নির্দেশ পূর্ত দফতরের মাধ্যমে দেওয়া হয়ে থাকলে দ্রুত ওই আধিকারিককে বদলি করা হবে। পাশাপাশি, হাসপাতালের জরুরি ভবন সংস্কারের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতির প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর ন্যায়বিচারের দাবিতে তাঁর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা।