‘মোগাম্বো মোদি’! চেন্নাইয়ের মঞ্চে প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী!
বার্তা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মোগাম্বো’ বলে আক্রমণ করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার চেন্নাইয়ে ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। ১৯৮৭ সালের জনপ্রিয় হিন্দি ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র খলনায়ক মোগাম্বোর সঙ্গে মোদির তুলনা করে তিনি দাবি করেন, দেশের গণতান্ত্রিক কাঠামো, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি আজ চরম সঙ্কটের মুখে পড়েছে। অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও ভোট প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।
বক্তৃতার সময় কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে রাহুল বলেন, দেশের গণতান্ত্রিক ভিত দুর্বল করার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি চলছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হোন না কেন, দেশের গণতন্ত্রের ক্ষতি করলে তাঁদের একদিন আইনের মুখোমুখি হতে হবে এবং জাবাবদিহি করতে হবে। পাশাপাশি তামিলনাড়ুর ভাষা ও ঐতিহ্য প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে তিনি জানান, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে এবং নিট পরীক্ষার জেরে স্থানীয় পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ছাত্রছাত্রীদের ভয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন করা বন্ধ না করার বার্তা দেন।