‘মমতা তৃণমূল করিস? শ্মশানে পাঠাব!’ বিধায়কের ওপর ভয়াবহ হামলা, রক্তাক্ত বাঁ চোখ!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। শনিবার সন্ধ্যায় জয়নগর থানার মনসাতলা এবং গৌড়বেড়িয়া হাট এলাকায় তাঁর গাড়িতে দু’দফায় হামলা চালানো হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি, মমতার অনুগামী হওয়ার কারণেই তাঁকে ঘিরে ধরে ইট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলায় বিধায়কের বাঁ চোখ ও মাথা গুরুতর জখম হয়েছে। রেহাই পাননি তাঁর গাড়িচালক ও নিরাপত্তারক্ষীও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। পরে জয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক।

এই হিংসাত্মক ঘটনার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ তুলেছে শাসকশিবির। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে, বিধায়কের উস্কানিমূলক কথার বিরুদ্ধেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছেন। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। ঘটনার পর থেকেই জয়নগরের মনসাতলা ও গৌড়বেড়িয়া হাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *