রাজ্যে রেকর্ড পুজো! ৫৭ হাজারের গণ্ডি পার দুর্গোৎসবের।

বার্তা ডেস্কঃ

শনিবার ইডেন গার্ডেন্সে ‘উমা আগমনী’ অনুষ্ঠানে রাজ্যের দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নতুন সরকারের জমানায় ১২,৪০০টি নতুন দুর্গাপুজোকে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে চলতি বছরে রাজ্যে মোট অনুমোদিত পুজোর সংখ্যা ছাড়িয়েছে ৫৭ হাজারের গণ্ডি। গত বছর এই সংখ্যাটি প্রায় ৪৫ হাজার ছিল। নতুন এই পুজোগুলিকে প্রশাসনিক অনুমোদনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে পুজো আয়োজনের জন্য উদ্যোক্তাদের আদালতের দ্বারস্থ হতে হলেও এ বার সেই জটিলতা এড়ানো গেছে। প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করায় কোনও পুজো কমিটিকে সমস্যায় পড়তে হয়নি। অনুষ্ঠানে বাংলার সনাতনী ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সরকারের শ্রদ্ধার কথা তুলে ধরেন তিনি। তবে কলকাতার প্রায় ২০০টি পুজো কমিটি স্বেচ্ছায় সেই অনুদান গ্রহণ করেনি বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজ্যের প্রথম এই দুর্গাপুজো ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে সর্বস্তরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *