অবৈধ বালি পাচারের পর্দাফাঁস, পাণ্ডবেশ্বরে বিধায়কের কড়া বার্তায় চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে রাতের অন্ধকারে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে অবৈধ বালি পাচারের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুরের মাধাইপুর ও পার্শ্ববর্তী একাধিক ঘাট থেকে বীরভূমের চালান ব্যবহার করে গোপনে বালি তোলা হচ্ছিল। সাম্প্রতিক সময়ে বালি ভর্তি ১০টি ট্রাক হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অজয় নদ থেকে বালি নিয়ে যাওয়ার সময় বাসিন্দাদের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

দীর্ঘদিন ধরে চলা এই কারবারে বালি মাফিয়াদের বাড়বাড়ন্তের পেছনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যজুড়ে অবৈধ বালি পাচার রুখতে প্রশাসনিক কড়াকড়ির মধ্যেও কীভাবে এমন কারবার চলছে, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। চালানের গড়মিল ও বালি চুরির বিরুদ্ধে বিধায়কের কড়া বার্তার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর ছড়িয়ে পড়তেই এই অবৈধ চক্রের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *