রাজ্যের পোষ্যপ্রেমীদের জন্য সুখবর, সস্তায় মিলবে কুকুর-বিড়ালের ভ্যাকসিন ও ওষুধ!
বার্তা ডেস্কঃ
গৃহপালিত পশুপাখির চিকিৎসায় সাধারণ মানুষের আর্থিক বোঝা কমাতে এক বড় পদক্ষেপ করল রাজ্য প্রাণীসম্পদ দপ্তর। কেন্দ্রীয় সরকারের লাইভস্টক হেলথ অ্যান্ড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে মোট ৩৭৫টি পশু ওষুধ বিক্রয় কেন্দ্র বা পিএভিকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি রাজ্যস্তরীয়, ৩০টি জেলাস্তরীয় এবং বাকি ৩৪৪টি কেন্দ্র ব্লক স্তরে খোলা হবে। এর ফলে চটকদার নামী ব্র্যান্ডের ওষুধের অতিরিক্ত দাম ও দালাল চক্রের দৌরাত্ম্য থেকে মুক্তি পাবেন পশুপালকরা।
দপ্তরের এই নতুন পদক্ষেপে একদিকে যেমন সরকারি ক্লিনিক ও হাসপাতালগুলিতে সাশ্রয়ী মূল্যে জেনেরিক ওষুধ মিলবে, তেমনই প্রান্তিক অঞ্চলের গরিব মানুষরাও উপকৃত হবেন। বিশেষ করে কুকুর ও বিড়ালের মতো পোষ্যদের র্যাবিশ ভ্যাকসিন সহ অন্যান্য জরুরি ওষুধ চড়া দামে বাইরে থেকে কিনতে হবে না। সংশ্লিষ্ট মহলের মতে, ব্লক স্তর পর্যন্ত এই ন্যায্যমূল্যের দোকানগুলি ছড়িয়ে পড়ায় বহু মানুষ সরাসরি উপকৃত হবেন এবং পশু চিকিৎসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে।