১০ বছরের অপেক্ষার অবসান, সুপ্রিম কোর্টে আমতলা পুরসভা মামলা!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার আমতলাকে পুরসভা হিসেবে গড়ে তোলার অনুমোদন রাজ্য মন্ত্রিসভা ও রাজ্যপালের থেকে মিলেছিল প্রায় এক দশক আগেই। ২০১৬ সালে রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেত এবং পরবর্তীতে রাজ্যপালের সম্মতি সত্ত্বেও আজ পর্যন্ত আমতলা পুরসভা গঠন করা হয়নি। দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রক্রিয়া থমকে থাকায় এবং নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দা দেবাশিস দে। চলতি সপ্তাহেই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহেতার এজলাসে এই গুরুত্বপূর্ণ স্পেশাল লিভ পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবেদনকারীর পক্ষের আইনজীবী কল্লোল বসু ও অনিন্দ্য সুন্দর দাস জানান, ২০০৭ সাল থেকে এই প্রস্তাব প্রক্রিয়াধীন ছিল এবং ২০১৬ সালে তা পূর্ণ অনুমোদন পায়। তবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী প্রাথমিক বিজ্ঞপ্তি জারি না করায় সরকার স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগে জানানো হয়েছে, যা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘনের শামিল। একই সময়ে অন্য এলাকায় পুরসভা গঠিত হলেও আমতলার ক্ষেত্রে তা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সুপ্রিম কোর্টের এই শুনানির ওপরই এখন নির্ভর করছে আমতলা পুরসভা গঠনের ভবিষ্যৎ এবং বাসিন্দাদের দীর্ঘদিনের নাগরিক সুবিধার প্রত্যাশা।