ভোট চুরির প্রতিবাদে সুপ্রিম কোর্টমুখী রাহুল-খাড়গেরা, উত্তাল রাজনীতি!

বার্তা ডেস্কঃ

‘ভোট চুরি’র অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একজোট হয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। বিরোধীদের ‘চলো দিল্লি—মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তাল রাজধানী দিল্লি। রাজপথে বড়সর আন্দোলনের শঙ্কায় ও নিরাপত্তার সুরক্ষায় সোমবার সকাল থেকেই দিল্লির ৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)।

মেট্রো চলাচলে জারি কড়া নির্দেশিকা: রবিবার গভীর রাতে DMRC-র জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত পটেল চক, জনপথ, রাজীব চক, মাণ্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাখাম্বা রোড—এই ৬টি মেট্রো স্টেশনের সমস্ত প্রবেশ ও প্রস্থান পথ (In/Out Gates) সাধারণ যাত্রীদের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে ইন্টারচেঞ্জ বা মেট্রো বদলের পরিষেবা সচল থাকছে। নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযান ও কর্মসূচি: সোমবার দুপুর দেড়টা নাগাদ কনট প্লেস ও বারাখাম্বা রোডের সংযোগস্থলে বিরোধী সাংসদরা একত্রিত হবেন এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের অভিমুখে মিছিল শুরু করবেন।

এক ভিডিও বার্তায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “সোমবার ভারতীয় হিসেবে আমরা সুপ্রিম কোর্টের দিকে পা বাড়াব। দল, ধর্ম, জাতি, লিঙ্গ ও আঞ্চলিকতার বিভেদ ভুলে সবাই একজোট হয়ে গণতন্ত্র রক্ষার এই মিছিলে হাঁটব।” এর আগে গত শুক্রবারও সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দিয়েছিল বিরোধী শিবির।

সাক্ষাৎ মেেনি প্রধান বিচারপতির: জানা গিয়েছে, নির্বাচন কমিশনারের ইস্তফা এবং ‘SIR’ বন্ধের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে শীর্ষ আদালতে ইতিমধ্যেই মামলা বিচারাধীন থাকায় প্রশাসনিক স্তরে হস্তক্ষেপে আসাম্মতি জানিয়ে তাঁদের সাক্ষাৎকারের আর্জি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। আইনি পথেই বিষয়টি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়েছে বিরোধী নেতাদের। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *