রিল বানানোর নেশায় সাপের ছোবল, চোখের সামনেই মৃত্যু উদ্ধারকারীর!
বার্তা ডেস্কঃ
রিলের নেশা যে কতটা সর্বনাশা হতে পারে, ওড়িশার পুরীর কান্থাপুর গ্রামের এই মর্মান্তিক ঘটনা তার এক জলজ্যান্ত প্রমাণ। পেশাদার সাপ উদ্ধারকারী ২৮ বছরের তপন কুমার প্রধান নিজের বাড়িতেই একটি গোখরো সাপ উঠোনে ছেড়ে রিল বানাচ্ছিলেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে তিনি বিষধর সাপটিকে নিয়ে খেলা করছিলেন, যা তাঁর কাল হয়ে দাঁড়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সাপটি প্রথমে তাঁর ডান হাতের আঙুলে এবং পরে কনুইয়ে পরপর দুটি ভয়ংকর ছোবল মারে। এই ঘটনার পরেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে তপন শান্তভাবে সাপটিকে কৌটোয় বন্ধ করেন, যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাপের কামড় খাওয়ার পর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অ্যান্টিভেনম দেন এবং আরও একটি ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি মাঝপথেই হাসপাতাল ছেড়ে বাড়ি চলে আসেন এবং তীব্র অসুস্থতা শুরু হলে তাঁকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অতীতে অসংখ্য সাপ উদ্ধার করা সত্ত্বেও সামান্য অসাবধানতা ও রিল বানানোর উন্মাদনা কীভাবে একটি তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে, এই ঘটনা তারই এক বেদনাদায়ক শিক্ষা দিল।
Never play with venomous snakes, no matter how experienced you think you are.In a tragic incident in Puri, a man was bitten by a snake while filming it. He was rushed to the hospital but unfortunately lost his life.One moment of recklessness can cost you your life. Please don’t risk it for a video.
— Manas Muduli (@manas_muduli) October 10, 2026