পুঞ্চে ল্যান্ডমাইন বিস্ফোরণ, খতম শীর্ষ লস্কর কমান্ডারসহ ৪ জঙ্গি!

বার্তা ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় ভারতীয় সেনার পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারাল চার জঙ্গি। নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার মুহূর্তে সেনার অনুপ্রবেশ-প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে পোঁতা মাইনগুলি ফেটে যাওয়ায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ লস্কর-ই-তৈবা নেতা মহম্মদ ফইজেন এবং তার তিন সহযোগী— ওয়াকাস, ইশতিয়াক ও আসিম। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা তল্লাশি ব্যাপক জোরদার করেছে সেনা।

এর আগের দিনই জম্মু ও কাশ্মীরের সোপোর এলাকার একটি জঙ্গল থেকে বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একে-৪৭, অ্যাসল্ট রাইফেল, বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড এবং রিমোট কন্ট্রোলড আইইডি। উপত্যকায় জঙ্গিদের বড়সড় নাশকতার ছক বানচাল করার পরদিনই চার লস্কর জঙ্গির সলিলসমাধি ঘটায় সেনার এই সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্বস্তিদায়ক বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *