রাজ্যের আদালত চত্বরে ধূমপান নিষিদ্ধ, নতুন নিয়মে তোলপাড় আইনি মহল!
বার্তা ডেস্কঃ
কলকাতা হাই কোর্টসহ রাজ্যের জেলা আদালতগুলিতে এবার বন্ধ হতে চলেছে সিগারেট, পান এবং গুটখা। সম্প্রতি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা আদালতগুলির বিচারকদের একটি চিঠি পাঠিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। সরকারি নির্দেশিকা ও আইন অনুযায়ী যেকোনো সরকারি চত্বরেই ধূমপান, পান ও গুটখা নিষিদ্ধ, আর সেই আইনি নিয়মকেই আদালত চত্বরে কঠোরভাবে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্তের পর আদালতের ভেতর নির্দিষ্ট ‘স্মোকিং জোন’ বা ধূমপান করার পৃথক জায়গা তৈরির জন্য বিশেষ প্রস্তাব জমা দিয়েছেন এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশ।
কেবল নেশাজাতীয় বস্তু নিষিদ্ধ করাই নয়, আদালত চত্বরে সুরক্ষাব্যবস্থা জোরদার করতে প্রবেশের ক্ষেত্রেও কড়া নজরদারির প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। নতুন পরিকল্পনা অনুযায়ী, কোর্ট চত্বরে ঢোকার সময় প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনকে নিজেদের মধ্যে বৈঠক করার আহ্বান জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হলে শীঘ্রই সব আদালতে মেটাল ডিটেক্টর ব্যবহারের চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে।