বিজেপিকে নিয়ে ভুল ধারণা ভেঙেছে, আমাদের পাশে সংখ্যালঘুরাও!
বার্তা ডেস্কঃ
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির দুর্দান্ত জয়ের পর রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার মুরলিধর সেন লেনে আয়োজিত বিজয়ী মিছিলে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানান, বিজেপিকে নিয়ে সংখ্যালঘুদের মনে দীর্ঘদিন ধরে যে ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল, তা আজ কাটতে শুরু করেছে। এবার সংখ্যালঘুরাও উন্নয়নের স্বার্থে পদ্মফুল চিহ্নে আস্থা রাখছেন।
শুভেন্দুর দাবি, “বাংলায় বিজেপি শুধু হিন্দু ভোটের ওপর ভরসা করে— এই ধারণা আর সত্যি নয়। সব সম্প্রদায়ের মানুষই এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উন্নয়নের মূলস্রোতে সামিল হতে এগিয়ে আসছেন।”
‘বিভাজনের দিন শেষ, আসছে উন্নয়নের নতুন বার্তা’
শুভেন্দু অধিকারী সুর চড়িয়ে বলেন, ভোটের আগে সংখ্যালঘুদের মন বিভ্রান্ত করতে প্রচার চালানো হয়েছিল যে বিজেপি এলে ধর্মপালনের অধিকার ছিনিয়ে নেওয়া হবে, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে! কিন্তু মানুষ এখন সেই অসত্য প্রচার প্রত্যাখ্যান করছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ভাষা, বাঙালি বনাম অবাঙালি বিতর্ক এবং জাতপাতের কার্ড খেলে মানুষকে ভাগ করার চেষ্টা করা হয়েছিল। পাহাড় থেকে সমতল— প্রতিটি জায়গায় বিভেদের রাজনীতি চালানো হলেও ২০২৬-এ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ উত্তর দিচ্ছেন।
নন্দীগ্রাম ও রেজিনগরের জয়ে নতুন পথচলা
নন্দীগ্রামে দলের অভাবনীয় সাফল্য তুলে ধরে তিনি জানান, বিজেপি প্রার্থী সেখানে ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বড় জয় অর্জন করেছেন। একই সঙ্গে রেজিনগরের জয়েও রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে বলে মনে করেন তিনি। শুভেন্দুর স্পষ্ট বার্তা— পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তুলতে এবং রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সমাজের সব শ্রেণি ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিজেপি সামনে এগোবে।