রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কবে ঢুকছে ৩৮% ডিএ, জেনে নিন নির্দিষ্ট দিন!
বার্তা ডেস্কঃ
আর মাত্র দু’দিন বাদেই ষষ্ঠী। চারিদিকে এখন পুজোর আনন্দ আর উৎসবের আমেজ। আর এই আনন্দকে দ্বিগুণ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ উপহার। পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গে এবার বর্ধিত হারে ২০ শতাংশ ডিএ (Dearness Allowance) পেতে চলেছেন কর্মীরা। তবে টাকা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে—পঞ্চমী না কি ষষ্ঠী, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। অবশেষে সেই ধোঁয়াশা কাটল।
বেতন ও ডিএ পাওয়ার সঠিক দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ঠিক কোন তারিখে অক্টোবর মাসের অগ্রিম বেতন এবং বর্ধিত ডিএ সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের জানিয়ে রাখি, সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ সম্ভব হতো না। পুলিশের এরিয়ার এবং ডিএ নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা আমরা সফলভাবে মিটিয়েছি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে ২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র যে ব্যবধান ছিল, তা কমানোর জন্য আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি। এর আগের ১৮ শতাংশ এবং বর্তমানের নতুন ২০ শতাংশ—সব মিলিয়ে চলতি অক্টোবর মাসেই মোট ৩৮ শতাংশ ডিএ হাতে পাবেন সকলে।” একইসঙ্গে তিনি সুখবর দিয়ে জানান, “আগামী ১৫ অক্টোবরের মধ্যেই অক্টোবর মাসের অগ্রিম বেতন এবং পুরো ৩৮ শতাংশ ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।”
উল্লেখ্য, রাজ্য সরকারের নির্ঘণ্ট অনুযায়ী এ বছর পুজোর ছুটি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকেই। আর ঠিক ওইদিনই, অর্থাৎ পঞ্চমীর দিনই পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিত ২০ শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। পুজো শুরুর আগেই কর্মচারীদের বেতন, পেনশন এবং বর্ধিত ডিএ মিটিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
এর পাশাপাশি, সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের তরফে প্রাথমিক শিক্ষা সংসদ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে একসঙ্গে ১৯টি জেলায় নতুন চেয়ারম্যান নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
১৬ অক্টোবর ষষ্ঠী পড়ার ঠিক একদিন আগে, অর্থাৎ ১৫ অক্টোবর পঞ্চমীর দিনই যে রাজ্য সরকারি কর্মীরা তাঁদের বর্ধিত ডিএ ও অগ্রিম বেতন হাতে পেয়ে যাবেন, তা মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন। ফলে পুজো এবার কাটবে আরও আনন্দের সঙ্গে!