পুলিশের হাজিরা এড়ালেন অভিষেক, ৪৮ ঘণ্টার সময় চেয়ে ইমেলে কড়া বার্তা!
বার্তা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিট-কাণ্ডে জিজ্ঞাসাবাদ এড়িয়ে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিস পৌঁছালেও, সোমবার সকালে থানায় উপস্থিত হননি তিনি। পরিবর্তে ইমেল পাঠিয়ে অভিষেক জানিয়েছেন, নোটিস পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ৪৮ ঘণ্টা সময় তাঁর প্রয়োজন। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় এত কম নোটিসে হাজিরা দেওয়া আসাম্ভব এবং একতরফা নির্দেশ অযৌক্তিক বলে উল্লেখ করেছেন তিনি। তবে তদন্তে পুরোপুরি সহযোগিতার আশ্বাস দিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখে নতুন করে তলব করার অনুরোধ জানিয়েছেন সাংসদ।
গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও কলকাতা পুরসভার সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। রবিবার পুনরায় নোটিস দিয়ে বুধবার তাঁকে তলব করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহের স্বার্থেই এই জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।