পুজোর আগেই খুশির জোয়ার, টানা ১২ দিনের ছুটি ঘোষণা রাজ্য সরকারের!

বার্তা ডেস্কঃ

চারিপাশে ঢাকের বাদ্যি আর আলোয় সেজে ওঠা শহরের রূপেই স্পষ্ট যে, উৎসবের আমেজে এখন থেকেই মেতে উঠেছে গোটা রাজ্য। এই শারদোৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করতে রাজ্যের স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য এক বিরাট ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। পুজোর দিনগুলিতে পঠন-পাঠন বন্ধ রেখে একটানা লম্বা ছুটির আনন্দে ভাসতে চলেছে রাজ্যের সরকারি ও সরকারপোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এ বছর দুর্গাপুজো উপলক্ষে আগামী ১৫ অক্টোবর (পঞ্চমী) থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজগুলিতে ছুটি শুরু হয়ে যাচ্ছে। তার আগের দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাভাবিক নিয়মেই পঠন-পাঠন চলবে। তবে পঞ্চমীর দিন থেকে শুরু হওয়া এই ছুটির আমেজ বজায় থাকবে একেবারে লক্ষ্মীপুজো পর্যন্ত। শুধু দুর্গাপুজোই নয়, এর পাশাপাশি কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষেও পরবর্তীতে একটানা ছুটির সুবিধা পাবে পড়ুয়ারা।

একনজরে ছুটির নির্ঘণ্ট ও হিসাব:

  • সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর মূল ছুটি বলবৎ থাকবে।
  • এর মধ্যে ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুজো উপলক্ষে সম্পূর্ণ বন্ধ থাকবে।
  • এছাড়া ২২, ২৩ এবং ২৪ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার।
  • শুধু তাই নয়, আগামী ২৬ অক্টোবর কোজাগুড়ি লক্ষ্মীপুজো উপলক্ষ্যেও সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে অতিরিক্ত ছুটি থাকবে।
  • মাঝের রবিবারের সাপ্তাহিক ছুটির দিনগুলি তো থাকছেই। সব মিলিয়ে প্রায় ১২ দিন বা তারও বেশি সময় ধরে একটানা ছুটি উপভোগ করতে পারবেন পড়ুয়ারা।

স্কুলগুলির এই দীর্ঘ ছুটির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে। পুজো মণ্ডপে ঘোরাঘুরি থেকে শুরু করে উৎসবের এই কটা দিন চুটিয়ে আনন্দ উপভোগ করার জন্য এখন থেকেই নিজেদের পরিকল্পনা সাজিয়ে তুলতে শুরু করেছে খুদেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *