সল্টলেকের রাবণ দহনে হাজির হচ্ছেন রণবীর!
বার্তা ডেস্কঃ
সল্টলেক সেন্ট্রাল পার্কে টানা ১৪ বছর ধরে সফলভাবে আয়োজিত হয়ে আসা পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম বিজয়া দশমী ও রাবণ দহন মহোৎসব এবার আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে। আগামী ১৫ই অক্টোবর ‘রামের অযোধ্যা’ থিমে এই সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন ঘটবে এবং টানা ৬ দিন ধরে চলবে নানা মনোগ্রাহী আয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০শে অক্টোবরের সমাপনী সন্ধ্যায় রণবীর কাপুর সহ ‘রামায়ণ’ চলচ্চিত্রের তারকা দল বিশেষ অতিথি হিসেবে সল্টলেকের ময়দানে হাজির থাকবেন।
ময়দানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সুবিশাল শ্রী রাম মূর্তি, ৬০ ফুট উঁচু রাবণের পুতুল দহন এবং আকাশে চোখধাঁধানো হাই-টেক ড্রোন লাইট শো। আয়োজক সংস্থা সল্টলেক সাংস্কৃতিক সংসদের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ললিত বেরিওয়ালের পরিচালনায় এই মহামিলনোৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মেগা বাজেটের ছবি ‘রামায়ণ’-এর পুরো টিম ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এবারের বিজয়া দশমীর উদযাপন তিলোত্তমায় এক নতুন মাত্রা যোগ করতে চলেছে।