শিক্ষক নিয়োগে কাটল ওবিসি জটিলতা, সংশোধিত তালিকায় কাদের নাম এল?
বার্তা ডেস্কঃ
রাজ্যের নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের নিয়ম মেনে প্রস্তুত করা এই তালিকায় স্থান পেয়েছেন ইন্টারভিউ বা পরবর্তী ধাপের জন্য যোগ্য প্রার্থীরা। চাকরিপ্রার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (westbengalssc.com) অথবা হেল্পডেস্ক পোর্টালে নিজেদের নাম ও রোল নম্বর দিয়ে এই তালিকাটি দেখে নিতে পারবেন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফল প্রার্থীদের নথিপত্র যাচাইকরণের পাশাপাশি দ্রুতই ইন্টারভিউ এবং ক্লাস টিচিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে। দীর্ঘদিন আটকে থাকা এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় গতি পাওয়ায় আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। সংশোধিত এই তালিকা প্রকাশের ফলে বঞ্চনার অবসান ঘটার পাশাপাশি রাজ্যের বিদ্যালয়গুলিতে তৈরি হওয়া শিক্ষক সংকটেরও দ্রুত সমাধান ঘটবে বলে মনে করা হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থাকে আবারও মসৃণ গতিতে ফিরিয়ে আনবে।