রাশিয়ার তেলের দ্বারে ট্রাম্প! বিস্ফোরক মন্তব্যে কী সাফাই মার্কিন প্রেসিডেন্টের?
বার্তা ডেস্কঃ
রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় ভারত ও চিনের মতো দেশগুলোর ওপর ক্ষিপ্ত হয়ে শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি আমেরিকা নিজেই মস্কোর সঙ্গে জ্বালানি চুক্তি সেরে ফেলায় বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর জবাব দিতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে সরব হয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, এর আগে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনলেও মূলধারার সংবাদমাধ্যম তা উপেক্ষা করেছে। নিজের গৃহীত পদক্ষেপকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করে তিনি স্পষ্ট জানান, মার্কিন নাগরিকদের সুবিধাই তাঁর কাছে সর্বাধিক অগ্রাধিকার পায়।
আসন্ন নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার ঠিক আগেই বিশ্বজুড়ে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষের জনজীবনে চরম প্রভাব পড়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং রাজনৈতিক অবস্থান মজবুত করার কৌশল হিসেবেই আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তির আওতায় রাশিয়া বিশ্ববাজারে বছরে ৩ লক্ষ মেট্রিক টনের বেশি তেল সরবরাহের পাশাপাশি আগামী নভেম্বরে আরও ১০ লক্ষ ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে কূটনৈতিক দ্বিমুখী নীতি নিয়ে ট্রাম্প সমালোচনায় পড়লেও, নিজের অবস্থান থেকে পিছপা না হয়ে মার্কিন স্বার্থ রক্ষাকেই তিনি প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরছেন।