সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা, প্রশান্ত বর্মনের আচরণে ক্ষুব্ধ আদালত!
বার্তা ডেস্কঃ
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের আইনি আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ অভিযুক্তের ভূমিকা নিয়ে চরম উষ্মা প্রকাশ করে জানিয়েছে, একজন ব্যক্তি কীভাবে গোটা আইনি ও প্রশাসনিক ব্যবস্থাকে উপহাসের পাত্র বানিয়ে রাখতে পারেন। এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত ও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল। সেই কড়া নির্দেশ এড়িয়ে গ্রেফতারি এড়াতে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি।
বিধাননগরের দত্তাবাদ নিবাসী স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের পর সিআইডি তদন্তে প্রধান অভিযুক্ত হিসেবে নাম জড়ালেও এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার ছিলেন এই প্রাক্তন আমলা। এর আগে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ার পরেও আইনি ফাঁক গলে জামিন পেয়ে উধাও হয়ে যান তিনি। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের এই চূড়ান্ত অবস্থানের পর পলাতক প্রশান্ত বর্মনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া এবং প্রশাসনিক পদক্ষেপের দিকেই এখন সকলের নজর রয়েছে।