চতুর্থীতেও কি মাটি হবে পুজোর আনন্দ? জানুন বৃষ্টির পূর্বাভাস!
বার্তা ডেস্কঃ
পুজোর আনন্দ শুরু হতেই তৃতীয়ার রাত থেকে প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে চতুর্থীর বিকেলে কলকাতার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ষষ্ঠী থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বৃষ্টি বাড়তে পারে। বর্ষা বিদায়ের পালা শুরু হলেও উপকূলের কিছু জেলায় এই বৃষ্টির পূর্বাভাস উৎসবের আনন্দে সামান্য বিঘ্ন ঘটাতে পারে।