গঙ্গায় নৌকাডুবি, আনন্দ ভ্রমণ শেষে মর্মান্তিক মৃত্যু ১৪ জনের!
বার্তা ডেস্কঃ
মঙ্গলবার রাতে বিহারের হাজিপুরে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় শিশু ও মহিলাসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। একটি নেমন্তন্ন বাড়ি থেকে ভোজ খেয়ে ২৩ জনেরও বেশি যাত্রী নিয়ে ফেরার পথে রাঘোপুরের রামপুর শ্যামচাঁদ গ্রামের কাছে গঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাঝনদী হঠাৎ ঢেউ বেড়ে যাওয়ায় মাঝিরা নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি উল্টে যায়। এই ঘটনায় ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩ জন নিরাপদে রয়েছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতভর উদ্ধারকার্য চালায়। বুধবার সকালেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিহার সরকার নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে এই আকস্মিক ট্র্যাজেডিতে গভীর শোকপ্রকাশ করেছেন তেজস্বী যাদব, সম্রাট চৌধুরী ও চিরাগ পাসওয়ানের মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। আনন্দ উদযাপনের পর এমন মর্মান্তিক পরিণতিতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।