‘ওরা আমায় বেচে দিয়েছে!’ কান্নায় ভেঙে পড়লেন মনামী, কার বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ?
বার্তা ডেস্কঃ
বিগ বসের ঘরে ক্যাপ্টেনসি টাস্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার লড়াইয়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলাকালীন হঠাৎই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী মনামী ঘোষ। খেলা শেষে হাউহাউ করে কাঁদতে দেখা যায় তাঁকে। নিজের দলের সতীর্থদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে মনামী দাবি করেন, তাঁর দলের সদস্য রাজবীর ও নন্দিনী নাকি বিপক্ষ দলের কাছে তাঁকে স্রেফ বেচে দিয়েছেন। তাঁর এই মন্তব্যের পরেই অন্দরের সমীকরণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
খেলার নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের দুটি দলে ভাগ করে বল দখলের লড়াই শুরু হয়েছিল। কিন্তু খেলার পরেই স্পষ্ট হয়ে যায় এর নেপথ্যে রয়েছে এক বিরাট গোপন ছক। কান পাতলে শোনা যাচ্ছে, নিরঞ্জনের সঙ্গে নন্দিনীর একটি গোপন চুক্তি হয়েছিল, যার লক্ষ্য ছিল মনামীকে দল থেকে সরিয়ে দেওয়া। খেলার নাম করে বন্ধুত্বের আড়ালে চলা এই কূটকৌশল ও রাজনীতির খেলা প্রকাশ্যে আসায় ঘরের অভ্যন্তরীণ পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে। আগামী দিনে এই মনস্তাত্ত্বিক লড়াই কোন মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।