কালীপুজোর আগেই বারাসাতে বড় চমক, ১০ কোটিতে সেজে উঠছে ৬৫টি রাস্তা!

বার্তা ডেস্কঃ

কালীপুজোর জমজমাট উৎসবে বারাসাতের পথে ঢল নামে লাখো দর্শনার্থীর। কিন্তু দীর্ঘদিন ধরে শহরের ৩৫টি ওয়ার্ডের বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। উৎসবের দিনগুলিতে যাতায়াতের এই ভোগান্তি কাটাতে অবশেষে বড় পদক্ষেপ নিল বারাসাত পুরসভা। পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে ১০ কোটি টাকার ওয়ার্ক অর্ডার জারি হতেই মঙ্গলবার থেকে শহরের ৬৫টি রাস্তার নির্মাণ ও সংস্কারকাজ জোরকদমে শুরু হয়েছে। মঙ্গলবার বিধায়ক শংকর চট্টোপাধ্যায় ও পুরসভার এক্সিকিউটিভ আধিকারিকদের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুম মিটলেই আরও ১০টি রাস্তার কাজ হাত নেওয়া হবে, অর্থাৎ সব মিলিয়ে মোট ৭৫টি রাস্তা নতুন রূপ পেতে চলেছে। সূচনা পর্বে বিধায়ক জানান, মানুষের প্রথম চাহিদা রাস্তা এবং সেটির আমূল পরিবর্তন করাই তাঁদের মূল লক্ষ্য। এর পাশাপাশি নিকাশি ব্যবস্থা, পথবাতি ও জঞ্জাল সমস্যারও দ্রুত স্থায়ী সমাধান করা হবে বলে পুরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। পুজোর আগেই এই মেগা সংস্কার শুরু হওয়ায় দুর্ভোগ কমার আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *