বেআইনি নির্মাণ তদন্তে বড় ধাক্কা, হাই কোর্টের প্রশ্নের মুখে সিবিআই!
বার্তা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে জমা পড়া একটি রিপোর্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নারকেলডাঙা ও বেলেঘাটা এলাকায় একাধিক বেআইনি নির্মাণের নেপথ্যে আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তবে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন সিবিআই মাত্র একটি কপি রিপোর্ট হিসেবে পেশ করে। ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতির উপস্থিতিতে মাত্র একটি কপি জমা দেওয়ায় আদালতের প্রশাসনিক প্রোটোকল লঙ্ঘিত হয়। এতে চরম অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রিপোর্ট গ্রহণ না করে তৎক্ষণাৎ ফেরত পাঠিয়ে দেয়।
আইন ও প্রশাসনিক নিয়ম সঠিকভাবে মেনে নতুন করে রিপোর্ট পেশ করার কড়া নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, রাজাবাজার, বেলেঘাটা, মানিকতলা ও ক্যানাল ইস্ট রোড এলাকার প্রায় ৫০টিরও বেশি বেআইনি বহুতল নির্মাণের নথি খতিয়ে দেখতে গত সেপ্টেম্বরে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার অন্তত ৫৫টি নির্মাণের মধ্যে ৪২টির নথি ইতোমধ্যে পুরসভার কাছ থেকে চাওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে, সেদিন সিবিআইকে সঠিক প্রক্রিয়ায় তাদের চূড়ান্ত ও বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে।