পুজোয় বড় স্বস্তি, শিয়ালদা ডিভিশনে ছুটছে নতুন জোড়া লোকাল ট্রেন!
বার্তা ডেস্কঃ
শান্তিপুর-কৃষ্ণনগর সিটি সিঙ্গেল লাইনে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এক জোড়া নতুন ট্রেন চালুর ঘোষণা করল শিয়ালদা ডিভিশন। পুজোর মরশুমের শুরুতেই পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই বিশেষ ট্রেনগুলি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চলাচল করবে। নিত্যযাত্রীদের যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা লাঘব করতেই রেলের এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে।
নতুন এই টাইমটেবিল অনুযায়ী আপ শান্তিপুর-কৃষ্ণনগর সিটি স্পেশাল ইএমইউ লোকাল প্রতিদিন সকাল ৯টা বেজে ৩৪ মিনিটে শান্তিপুর থেকে ছেড়ে সকাল ১০টা বেজে ১১ মিনিটে কৃষ্ণনগর সিটি স্টেশনে পৌঁছাবে এবং পথিমধ্যে দিগনগর স্টেশনে থামবে। অন্যদিকে ফিরতি পথে ডাউন স্পেশাল ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে সকাল ১০টা বেজে ২০ মিনিটে ছেড়ে সকাল ১০টা বেজে ৫৭ মিনিটে শান্তিপুরে এসে পৌঁছাবে। রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে আপাতত এই পরিষেবা শুরু হয়েছে এবং ভবিষ্যতে এর সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।