দুর্গাপুজোয় পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা নিলেই সোজা জেল!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর আনন্দ উদযাপনে বেরিয়ে গাড়ি পার্কিং নিয়ে চরম নাজেহাল হচ্ছেন দর্শনার্থীরা। চার চাকার জন্য কোথাও ৫০ টাকা, কোথাও ৭০ টাকা বা তারও বেশি টাকা আদায় করা নিয়ে তীব্র ক্ষোভ ছড়াচ্ছে শিল্পাঞ্চলে। এই পরিস্থিতি মোকাবিলায় দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা চাওয়া পুরোপুরি বেআইনি এবং কোনো জুলুমবাজি সহ্য করা হবে না।
বিধায়ক সাধারণ মানুষকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, পার্কিং ইজারাদাররা নিজেদের ইচ্ছামতো সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা দাবি করতে পারেন না। অতিরিক্ত ফি চাওয়া হলে সেই কুপন বা রসিদ সঙ্গে নিয়ে দর্শনার্থীদের সরাসরি থানায় গিয়ে এফআইআর দায়ের করার পরামর্শ দিয়েছেন তিনি। এই ধরনের লিখিত অভিযোগ পেলেই পুলিশ দ্রুত কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।