বিজেপি নেত্রীকে খুনের হুমকি, মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পাপ্পুর!
বার্তা ডেস্কঃ
উত্তরাখণ্ডের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী তথা বিজেপি নেত্রী রেখা আর্য এবং তাঁর স্বামী পাপ্পু গিরিধারীর মধ্যকার পারিবারিক বিবাদ এখন তুঙ্গে। স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। রেখার দাবি, এক মহিলার সঙ্গে আঁতাত করে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছেন পাপ্পু এবং একটি বিস্ফোরক অডিও রেকর্ডিংয়ে সেই ছক ফাঁস হয়েছে। পাল্টা জবাবে পাপ্পু একটি ভিডিও বার্তায় এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ওই অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ দিয়ে তৈরি। একই সঙ্গে স্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের কৃতিত্ব নিজের দাবি করে তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি।
২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির টানাপোড়েন এখন প্রকাশ্যে। রেখার আরও অভিযোগ, পাপ্পু প্রথম স্ত্রীর কথা গোপন রেখে তাঁকে প্রতারণা করে বিয়ে করেছিলেন, যার সত্যতা তিনি অনেক পরে জানতে পারেন। বর্তমানে প্রাণভয়ে শঙ্কিত হয়েই তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানান। অন্যদিকে স্বামী পাপ্পুর তোলা ২০০ কোটি টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ নিয়ে বিজেপি নেত্রী এখনও কোনো জবাব দেননি। মন্ত্রী ও তাঁর স্বামীর এই নজিরবিহীন পাল্টাপাল্টি অভিযোগে বর্তমানে উত্তরাখণ্ডের রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।