আরজি কর কাণ্ডে জামিন পেলেন সন্দীপ ঘোষ, বাকি ১৪০ জনের সাক্ষ্যগ্রহণ ঘিরে বাড়ছে উদ্বেগ!

বার্তা ডেস্কঃ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন বন্দি থাকা এবং বিচারপ্রক্রিয়ার চরম ধীরগতি বিবেচনা করে শুক্রবার বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে কলকাতা হাইকোর্টের আগের জামিন খারিজের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। ২০২৪ সালের ৯ অগস্টের ঘটনা সংক্রান্ত চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে তাঁকে সিবিআই গ্রেফতার করে। আদালত মনে করেছে, বিচারপ্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগবে, তাই জামিন মঞ্জুর করা প্রয়োজন।

মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, অভিযুক্ত দীর্ঘদিন জেলবন্দি থাকলেও ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়েছে। হাইকোর্ট আগে প্রভাবশালী তত্ত্ব ও সরকারি অর্থ আত্মসাতের আশঙ্কায় জামিন আটকে দিলেও, সুপ্রিম কোর্ট ধীরগতির বিচারকেই গুরুত্ব দিয়েছে। তবে আদালতের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, আর্থিক দুর্নীতি মামলায় এই জামিন পাওয়ার অর্থ অন্য কোনও মামলায় জামিনের শর্ত পূরণ হওয়া নয়। তদন্ত প্রক্রিয়া আইন মেনেই চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *