দলত্যাগীরা সবাই লোভী ও কাপুরুষ, কংগ্রেসে কেবল ‘সিংহ’রাই আছেন!

বার্তা ডেস্কঃ

দলের বৈঠকে রাহুল গান্ধী মন্তব্য করেছেন যে, লোভ এবং কাপুরুষতার কারণেই অতীতে একাধিক শীর্ষ নেতা কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে যাঁরা কংগ্রেসে রয়ে গিয়েছেন, তাঁরা প্রত্যেকেই লড়াকু মানসিকতার ‘সিংহ’। দিল্লিতে যুব কংগ্রেস ও ছাত্র সংগঠনের কর্মীদের সঙ্গে এক চা-চক্রে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং গুলাম নবি আজাদের মতো নেতাদের দলত্যাগের প্রসঙ্গ টেনে রাহুল স্পষ্ট জানান, সুবিধাবাদী ও কাপুরুষরা চলে যাওয়ায় দল এখন আরও বেশি শক্তিশালী হয়েছে। বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে রাহুল তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর রাজনৈতিক শিক্ষার স্মৃতিচারণ করে বলেন, রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে আদর্শ ও নীতিই সবচেয়ে বড় কথা।

রাহুলের এই মন্তব্যের পরেই হালকা মেজাজে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে খোঁচা দিয়ে বলেন, যাঁরা দল ছেড়েছেন, তাঁরা সবাই নাকি রাহুলেরই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। খাড়গের এমন রসিকতাপূর্ণ মন্তব্যে প্রাথমিকভাব কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন রাহুল। তবে সঙ্গে সঙ্গেই তিনি ঠাকুমার কাছ থেকে শেখা রাজনৈতিক পাঠের কথা উল্লেখ করে জানান, রাজনৈতিক ময়দানে যাকে বন্ধু বলে মনে হয়, অনেক সময় তিনি প্রকৃত বন্ধু নাও হতে পারেন। প্রসঙ্গত, ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একসময় রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *