আশিতেও রঙিন সোনিয়া গান্ধী, প্রথম রিলেই নেটপাড়ায় ঝড়!

বার্তা ডেস্কঃ

বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই হলেও তরুণ প্রজন্মের নজর কাড়তে অবশেষে ইনস্টাগ্রামে পা রাখলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করতেই কয়েক ঘণ্টার মধ্যে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ত্রিশ হাজারে পৌঁছেছে, যদিও তিনি অনুসরণ করছেন কেবল কংগ্রেস, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। ইনস্টাগ্রামে তাঁর প্রথম রিলে ফুটে উঠেছে পারিবারিক এক উষ্ণ মুহূর্ত, যেখানে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে মিষ্টি খাইয়ে দিতে দেখা যায়। তবে জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখার মূল উদ্দেশ্য হলো তাঁর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’-এর প্রথম ঝলক বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

আগামী ১০ নভেম্বর প্রকাশিত হতে চলা এই বইটি সোনিয়া গান্ধীর জীবন, ভালোবাসা, কর্তব্য ও নানা সংগ্রামের এক দলিল। বইটি প্রকাশ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, কারণ প্রাথমিক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‍্যান্ডম হাউস কিছু তথ্যে আপত্তি তুলে তা পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সন্মতি না দোয় তারা পিছু হটলে ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয় সংস্থাটি। শেষ পর্যন্ত ভারতে ‘হার্পার কলিন্স ইন্ডিয়া’ এবং আন্তর্জাতিক বাজারে ‘আলফ্রেড এ. নফ’-এর মাধ্যমে বইটি প্রকাশের চুক্তি চূড়ান্ত হয়। ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি পাঠকদের কাছে পৌঁছানোর সোনিয়ার এই প্রচেষ্টা রাজনীতির অলিন্দে নতুন চর্চার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *