পুজোয় সরকারি হাসপাতালের মেনু! রোগীদের মুখে হাসি ফোটাতে এলাহি আয়োজন
বার্তা ডেস্কঃ
শারদোৎসবের আনন্দ যেন হাসপাতালের চার দেয়ালের ভেতরে থমকে না যায়, সেজন্য রোগীদের জন্য এলাহি খাবারের ব্যবস্থা করল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। পুজোর দিনগুলোতে চিরাচরিত হাসপাতালের ডায়েট বদলে রোগীদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়। অষ্টমীতে সম্পূর্ণ নিরামিষ পদের পর নবমীর দুপুরে রোগীদের পাতে পরিবেশন করা হয় সুগন্ধি ভাত, মুসুর ডাল, মিক্সড ভেজ, রুই মাছের কালিয়া এবং সুস্বাদু চাটনি। নিরামিষাশী রোগীদের জন্য ছিল পনিরের মাখামাখি পদ ও নবরত্ন তরকারি।
উৎসবের শেষ দিনে বিজয়া দশমীতেও এই চমক অব্যাহত থাকছে। রোগীদের দুপুরের খাবারে রাখা হয়েছে খাসির মাংসের বিশেষ পদ এবং শেষপাতে মিষ্টিমুখের ব্যবস্থা। উৎসবের মরশুমে ঘরের স্বাদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দিয়ে অসুস্থ মানুষদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলাই ছিল হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগের মূল লক্ষ্য। সম্পূর্ণ ঘরোয়া ও সুস্বাদু খাবারের এই বিশেষ আয়োজন রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।