দিল্লি পৌরনিগমে রণক্ষেত্র! ফাইল ছোড়াছুড়ি ও মাইক ভাঙচুরে তোলপাড়
বার্তা ডেস্কঃ
বছরের পর বছর ধরে বায়ুদূষণের ভয়াবহ সমস্যায় ভুগছে দেশের রাজধানী দিল্লি। শীতের শুরুতে ফের বাতাসের গুণমান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দিল্লি পৌরনিগমের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। তবে দূষণ মোকাবিলার গঠনমূলক আলোচনার পরিবর্তে শাসকদল বিজেপি ও বিরোধী আপ কাউন্সিলরদের চরম বিশৃঙ্খলা ও হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। আপ কাউন্সিলররা অবিলম্বে ১ কোটি টাকা উন্নয়ন তহবিলের দাবিতে বিক্ষোভ শুরু করলে মেয়র ২৫ লক্ষ টাকা তাৎক্ষণিক বরাদ্দের ঘোষণা দেন। এতে সন্তুষ্ট না হয়ে বিরোধী সদস্যরা মেয়রের আসনের দিকে তেড়ে যান এবং তুমুল স্লোগান তুলে ফাইল, জলের বোতল ছোড়াছুড়ি ও মাইক ভাঙচুর চালান।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে অধিবেশন পাঁচ মিনিটের জন্য মুলতুবি করা হয়। পুনরায় বৈঠক শুরু হলে দিল্লির ক্রমবর্ধমান বায়ুদূষণ মোকাবিলায় পৌরসংস্থা ও সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে তীব্র প্রশ্ন তোলে বিরোধী দল। আর তাতেই সংঘাত তুঙ্গে পৌঁছায়; একে অপরকে মারধরের হুমকি দেওয়ার পর্যায়ে পৌঁছালে আলোচনা ভেস্তে যায় এবং শেষ পর্যন্ত সভা পুরোপুরি মুলতুবি করে দেওয়া হয়। শহরের এমন সংকটজনক মুহূর্তে জনপ্রতিনিধিদের এই নজিরবিহীন আচরণ ও ক্ষোভের ছবি প্রকাশ্যে আসতেই চরম চাঞ্চল্য ছড়িয়েছে।