তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু, শোকের ছায়া উপত্যকায়!
বার্তা ডেস্কঃ
বৃহস্পতিবার গভীর রাতে চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিব্বতে ৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই জোরাল কম্পনের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন ৩২ জন। চিন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (CENC) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিট নাগাদ উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের জনবিরল ও উচ্চ পার্বত্য এলাকায় এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে থাকা এই কম্পনের কেন্দ্রটি রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। সরকারি সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রবল এই ভূকম্পনের জেরে তিব্বতের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা আকাশের নিচে আশ্রয় নেন। সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত দৃশ্যে দেখা গেছে, অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতর অবস্থান করছেন। ঘটনার পর স্থানীয় প্রশাসন তৎপর হয়ে উদ্ধারকারী দল ও দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠিয়েছে। ইতিমধ্যে মূল ভূমিকম্পের পর ৩ থেকে ৪ মাত্রার একাধিক ছোট আফটারশকের জেরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেছে।