ফের জ্বলছে ফ্রান্স! প্যারিসে ৭০ হাজার পুলিশ দিয়েও কি থামবে বিক্ষোভ?
বার্তা ডেস্কঃ
স্কুল তহবিলে ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও নাগরিক পরিষেবার বেহাল দশার প্রতিবাদে ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রায় ৭০ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করেছে। প্যারিসের বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি মধ্য শহরে অঘোষিত লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জায়গায় জায়গায় দোকানপাট ও জাদুঘর বন্ধ রাখা হয়েছে।
বিক্ষোভের সূচনা শান্তিপূর্ণভাবে হলেও পরবর্তীতে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত অশান্তি ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। মার্সেলি ও লিয়ঁ শহরের মতো এলাকায় আন্দোলনকারীদের হটাতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন কড়া অবস্থান নেওয়ায় শুরু থেকেই ব্যাপক ধরপাকড় চলছে এবং শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ধারাবাহিক এই জনরোষ ও অর্থনৈতিক সংকট আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইমানুয়েল মাক্রোঁ সরকারের রাজনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।