রবিবার হাওড়ায় চরম ভোগান্তি, বাতিল ৫০ লোকাল ট্রেন!

বার্তা ডেস্কঃ

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মোট ২০টি সেকশনে লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্লকের কারণে রবিবার একযোগে প্রায় ৫০টি লোকাল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। লিলুয়া-বেলুড়, কোন্নগর-রিষড়া, শেওড়াফুলি-ভদ্রেশ্বর, তারকেশ্বর-মায়াপুর, মগরা, বাঁইচি-মেমারি এবং কামারকুণ্ডুসহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘসময় ধরে এই কাজ চলবে। ফলে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, আরামবাগ, গোঘাট, পাণ্ডুয়া, মেমারি, কাটোয়া, আজিমগঞ্জ, চন্দনপুর, বারুইপাড়া, আসানসোল, অন্ডাল ও রামপুরহাট থেকে যাতায়াতকারী বেশ কয়েকটি ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। হঠাৎ এই ব্যাপক ট্রেন বাতিলের সিদ্ধান্তে সপ্তাহান্তের দিনে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।

লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের যাত্রাসময়েও বড় পরিবর্তন এনেছে পূর্ব রেল। জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস ১ ঘণ্টা, বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস ২ ঘণ্টা, রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিট এবং হাওড়া-ধানবাদ কয়লাক্ষেত্র এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। এর পাশাপাশি হাওড়া-আরামবাগ লোকাল, গোড্ডা-শিয়ালদহ মেমু এবং জয়নগর-হাওড়া এক্সপ্রেসের মতো ট্রেনগুলির গতিপথ মাঝরাস্তাতেই বেশ কিছুক্ষণ নিয়ন্ত্রণ করা হবে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে রবিবার হাওড়া শাখায় ট্রেন চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে, তাই যাত্রীদের বিকল্প পরিকল্পনা নিয়েই বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *