আরশোলা রুখতে স্কুলে পাঠাতে হবে রাষ্ট্রবাদের পাঠ, শুভেন্দুর মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলন ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে এবার স্কুল স্তরেই রাষ্ট্রীয় চেতনার প্রসারের ওপর জোর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের রামনগরে মৃত কল্পনা জানার বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। শুভেন্দু অধিকারীর মতে, বর্তমান প্রজন্মকে সঠিক দিশা দেখাতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ছোট থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও রাষ্ট্রবাদের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।
শিক্ষাঙ্গনে ঐতিহ্য ও সংস্কৃতি ফেরানোর পক্ষে সওয়াল করে তিনি বলেন, ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী মানসিকতা গড়ে তুলতে বার্ষিক সাংস্কৃতিক উৎসবের অঙ্গ হিসেবে বিতর্ক, এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো প্রতিযোগিতার আয়োজন করা উচিত। তাঁর দাবি, এই ধরনের উদ্যোগ নেওয়া হলে করোনা ভাইরাসের মতো ক্ষতিকর প্রভাব বিস্তারকারী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টাকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি, বিদ্যালয়গুলিতে এনসিসি, এনএসএস এবং ব্রতচারী চালুর পাশাপাশি ইতিহাসচর্চা বাড়ানোর পক্ষেও জোরালো সওয়াল করেছেন তিনি।