আসছে দুর্গাপুজো, কোন প্যান্ডেলে চমক থাকছে এবার?
বার্তা ডেস্কঃ
উৎসবের আমেজ কাটার আগেই আগামী বছরের দুর্গাপুজোর সলতে পাকানো শুরু করে দিয়েছে কলকাতার নামজাদা ক্লাবগুলি। ২০২৬-এর শারদোৎসবের দিন গোনা শুরু হতেই বেশ কিছু পুজো কমিটি পরের বছরের শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে চমক দিয়েছে। রাজডাঙা আমরা ক’জন কল্যাণ সমিতি, রাজডাঙা নব উদয় সংঘ, দমদম পার্ক ভারতচক্র, তেলিপুকুর যুব সংঘ এবং নাকতলা উদয়ন সংঘ তাদের পুরানো থিম মেকারদের উপরেই আস্থা বজায় রেখেছে। অন্যদিকে, সমাজ সেবী সংঘ আগামী বছরের জন্য শিল্পী অনির্বাণের হাত ধরে নতুন ভাবনার কথা ঘোষণা করেছে।
একইভাবে দমদম পার্ক তরুণ দল তাদের মণ্ডপ সাজাতে ফিরিয়ে আনছে প্রদীপ দাসকে। আর দমদম পার্ক তরুণ সংঘ এবার নতুনভাবে সাজবে মলয় ও শুভময়ের ছোঁয়ায়। তবে ঘোষণার পাশাপাশি জল্পনা তুঙ্গে উঠেছে টালা প্রত্যয়কে ঘিরে, যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধতে পারেন অনির্বাণ ও সনাতন দিন্দা। সনাতনের কাঁধে সন্তোষপুর লেক পল্লি এবং বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের প্রতিমা নির্মাণের দায়িত্ব আসার জোর গুঞ্জন ছড়িয়েছে। সব মিলিয়ে, দেবীপক্ষের আমেজ বিদায় নিলেও শিল্পীদের থিমযুদ্ধ নিয়ে এখন থেকেই উত্তপ্ত শহর কলকাতার পুজো আঙিনা।