শান্তিনিকেতনের ২৭৭ বছরের সেই অলৌকিক ঐতিহ্য, যা আজও জীবন্ত!
বার্তা ডেস্কঃ
জমিদারি বা অতীতের জৌলুস হারিয়ে গেলেও শান্তিনিকেতনের তালতোড়ের ঘোষবাড়ির কোজাগরী পূর্ণিমার আরাধনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আড়াই শতাব্দীরও বেশি সময় ধরে এখানে একই বেদিতে পাশাপাশি পূজিত হয়ে আসছেন দেবী লক্ষ্মী ও সরস্বতী। স্বপ্নাদেশ পেয়ে শুরু হওয়া এই পুজোয় প্রতিমার গড়নে বা সাবেকিয়ানায় কোনো পরিবর্তন আসেনি। আজও পাঁচ প্রজন্ম ধরে একই পরিবারের মৃৎশিল্পীরা কোনো ছাঁচ ছাড়াই সম্পূর্ণ হাতে প্রতিমা তৈরি করে আসছেন।
কোপাই নদী থেকে পৃথক দুটি ঘট এনে বৈষ্ণব মতে এই দুই দেবীর পুজো সম্পন্ন হয়। বাড়ির ঐতিহ্য বজায় রেখে অন্নভোগের পরিবর্তে চিঁড়ে, নাড়ু, ফল ও মিষ্টি নিবেদন করা হয়। একসময়ের বিশাল জমিদারির জাঁকজমক আজ না থাকলেও, পরিবারের সদস্য ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই প্রাচীন উত্তরাধিকার আজও অমলিন রয়েছে। প্রতিকূলতাকে জয় করে কোজাগরীর রাতে প্রজ্বলিত এই প্রদীপ প্রমাণ করে যে, জৌলুস হারালেও মানুষের বিশ্বাস ও শিকড়ের টান কখনোই ম্লান হয় না।