পাঞ্জাবে গুলির লড়াই, দোকানের সামনেই দুই ভাইকে ঝাঁজরা করল দুষ্কৃতীরা!
বার্তা ডেস্কঃ
ভোটমুখী পাঞ্জাবের মোগা টাউনের অঙ্গদপুরায় ঘটে গেল এক ভয়াবহ ও রক্তক্ষয়ী ঘটনা। রবিবার রাতে একটি দোকানের সামনে চারজন বসে থাকা অবস্থায় আচমকাই হাজির হয় একটি কালো রঙের স্করপিও গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা গাড়ি থেকে চারজনকে লক্ষ্য করে অন্ধের মতো প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। গুলিতে গুরুতর আহত চারজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩০ বছর বয়সি গগন জিন্দাল এবং ৪০ বছর বয়সি সাহিল জিন্দাল নামে দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত বাকি দু’জন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো পারিবারিক শত্রুতা ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই নৃসংস হত্যাকাণ্ডটি ঘটেছে। মৃতদের পরিবার ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনের নাম পুলিশকে জানিয়েছে। তবে জনবহুল এলাকায় প্রকাশ্যে এমন গুলিবর্ষণের পর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আম আদমি পার্টি (আপ) সরকারের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের জমানায় গ্যাংস্টার দমনে ব্যর্থতার অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি ও শিরোমণি অকালি দল। গোটা ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।