চাকরির সুবাদে দূরে থাকলেও মিলবে পুরো HRA, বড় জয় কর্মীদের!

বার্তা ডেস্কঃ

কর্মসূত্রে স্বামী-স্ত্রী দুই আলাদা শহরে বসবাস করলেও তাঁরা বাড়িভাড়া ভাতা বা এইচআরএ থেকে বঞ্চিত হবেন না বলে স্পষ্ট জানিয়েছে কলকাতা হাইকোর্ট। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের দুই শিক্ষিকার দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, স্বামী-স্ত্রীর কর্মস্থলের দূরত্ব দৈনিক যাতায়াতের অনুপযুক্ত হলে তাঁদের সম্পূর্ণ এইচআরএ পাওয়ার অধিকার রয়েছে। এর আগে অতিরিক্ত ভাতা নেওয়ার অভিযোগে এক শিক্ষিকার কাছ থেকে টাকা কেটে নেওয়া হয়েছিল। আদালত সেই সিদ্ধান্ত খারিজ করে ট্রেজারিতে জমা হওয়া অর্থ বার্ষিক ছয় শতাংশ সুদ-সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

হাইকোর্টের এই রায়ের ফলে সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানে কর্মরত সেই সমস্ত দম্পতিরা বড় স্বস্তি পেলেন, যাঁরা পেশাগত কারণে আলাদা স্থানে থাকতে বাধ্য হন। আদালত জানিয়েছে, কেবল এইচআরএ-র সর্বোচ্চ সীমার অজুহাতে প্রাপ্য ভাতা কমানো বা জোর করে টাকা আদায় করা আইনসম্মত নয়। বরং কর্মস্থলের বাস্তব দূরত্ব এবং ২০১১ সালের স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশিকাকে গুরুত্ব দিতে হবে। বীরভূমের অপর এক শিক্ষিকার ক্ষেত্রেও দ্রুত আবেদন নিষ্পত্তি করে সম্পূর্ণ ভাতা মঞ্জুর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় দূরবর্তী স্থানে চাকরি করা কর্মীদের আইনি সুরক্ষা ও অধিকারকে আরও সুদৃঢ় করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *