শহর থেকে গ্রামে বদলি! প্রাথমিক শিক্ষকদের জন্য বড় চমক প্রশাসনের
বার্তা ডেস্কঃ
উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি দূর করতে এবার কঠোর ও বড় পদক্ষেপ নিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। শহরের স্কুলগুলিতে অতিরিক্ত শিক্ষক থাকার সুবাদে গ্রামীণ এলাকার স্কুলগুলিতে পঠনপাঠন ব্যাহত হচ্ছিল, যা দূর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১২ জন শিক্ষককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এবং পুজোর ছুটি শেষ হলেই তাঁদের নির্দিষ্ট গ্রামীণ স্কুলে গিয়ে কাজে যোগ দিতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ সদর সহ বিভিন্ন শহরের কিছু স্কুলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি শিক্ষক রয়েছেন, অথচ গ্রামের অনেক স্কুল শিক্ষকহীন বা শিক্ষক সংকটে ভুগছে।
উত্তর দিনাজপুরের ৯টি ব্লকে ১,৪০০-রও বেশি প্রাথমিক বিদ্যালয় থাকলেও শিক্ষক বণ্টনে এই ভারসাম্যহীনতা দীর্ঘদিনের সমস্যা। অতীতে শহরের স্কুলগুলিতে শিক্ষকদের ভিড় বাড়লেও গ্রামের স্কুলগুলি অবহেলিত থেকে যায়। নতুন সভাপতি সুব্রত সরকারের দায়িত্ব নেওয়ার পরই এই বৈষম্য দূর করতে স্কুল পরিদর্শকদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়েছে এবং অতিরিক্ত শিক্ষকদের তালিকা প্রস্তুত হয়েছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং ইসলামপুরের মতো শহরগুলির অতিরিক্ত শিক্ষক এবার গ্রামীণ এলাকার স্কুলগুলির শূন্যস্থান পূরণ করবেন, যার ফলে জেলার সামগ্রিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নত হবে বলেই মনে করছে সংশ্লিষ্টমহল।