গাইঘাটায় এনকাউন্টারে খতম কিশোরী ধর্ষণ ও খুনে অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারে মৃত্যুর খবর সামনে আসতেই ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে স্থানীয় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। পরদিন প্রতিবেশীর বাড়ির পিছন থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলে পরিবার অভিযোগ করে যে, তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ দ্রুত আত্মীয় প্রহ্লাদকে গ্রেপ্তার করে। এরপরই গভীর রাতে চাঞ্চল্যকর এই এনকাউন্টারের ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশ ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে সাথে নিয়ে গিয়েছিল। কাজ শেষে সে হঠাৎই এক পুলিশকর্মীর রিভলভার ছিনিয়ে গুলি চালায়, যাতে এক পুলিশকর্মী আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রহ্লাদ মারাত্মকভাবে জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে ঠিক কত রাউন্ড গুলি চলেছে, তা নিয়ে এখনও পরিষ্কার তথ্য মেলেনি। ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।