দিল্লিতে বাম-তৃণমূল সমীকরণ, অস্বস্তিতে বঙ্গ সিপিএম!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে ‘ইন্ডি’ জোটের আবহে নতুন রাজনৈতিক মেরুকরণ কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে আলিমুদ্দিন। রাজ্য নেতৃত্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই জাতীয় রাজনীতিতে কেরল-ঘনিষ্ঠ সিপিএম নেতৃত্বের সঙ্গে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্রের যোগাযোগ নতুন জল্পনার জন্ম দিয়েছে। সূত্রের খবর, বঙ্গ সিপিএমকে না জানিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। এতে বিতর্ক আরও বেড়েছে। অতীতে সংগঠন কেন্দ্রিক মতবিরোধ থাকলেও, এবার তা দিল্লির ক্ষমতার অলিন্দে সরাসরি তৃণমূলের সংসদীয় নেতৃত্বের ঘনিষ্ঠতায় রূপ নিয়েছে। মমতা-ঘনিষ্ঠ কংগ্রেসের একটি অংশও এই উদ্যোগে যুক্ত রয়েছে বলে দাবি রাজনৈতিক শিবিরের।
এই চরম রাজনৈতিক দোলাচলের মধ্যে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সমঝোতার সম্ভাবনা সাফ খারিজ করে দিয়েছে বঙ্গ সিপিএম। দলের পলিটব্যুরো বৈঠকে রাজ্য নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে, সেখানে সমঝোতা হলে কর্মী-সমর্থকদের ভুল বার্তা যাবে। এই ইস্যুতে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সাফ জানান, জাতীয় স্তরে বিজেপিকে সরাতে ইন্ডি জোটে তৃণমূল থাকলেও, বাংলায় কোনও জোটের প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত দিল্লির জাতীয় সমীকরণ নাকি রাজ্য নেতৃত্বের তীব্র বিরোধিতা— কোন সিদ্ধান্ত প্রাধান্য পাবে, তা নিয়ে এখন তোলপাড় বাম শিবির।