১০০ কোটির মেগা স্ক্যাম! গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী, তোলপাড় রাজ্য রাজনীতি।

বার্তা ডেস্কঃ

বেসরকারি স্কুলগুলিকে সরকারি অনুমোদন দেওয়ার নামে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে তামিলনাড়ুর প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী তথা ডিএমকে নেতা অনবিল মহেশ পৈয়ামোঝিকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। মাদ্রাজ হাইকোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করার পরই সোমবার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকাকালে ১,০০০-এর বেশি বেসরকারি স্কুলকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ঘটে এবং সেই টাকা দলীয় তহবিলে জমা করা হয়। ইতিমধ্যেই মামলায় যুক্ত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন মন্ত্রীর বাসভবন থেকে সম্পত্তি সংক্রান্ত নথি, ব্যাঙ্কের লেনদেনের বিবরণ, ১৮টি মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী মহেশ। তাঁর দাবি, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ এবং স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনকে ব্যবহার করে তাঁকে নিশানা করা হয়েছে। ক্ষমতাসীন ডিএমকে দলও প্রাক্তন মন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। যৌথভাবে চেন্নাই পুলিশ ও ইডি বাজেয়াপ্ত হওয়া সমস্ত নথি ও ইলেকট্রনিক সামগ্রী খতিয়ে দেখে অবৈধ অর্থ পাচার ও আর্থিক অনিয়মের প্রকৃত সূত্র অনুসন্ধানে নেমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *