ভুল ইনজেকশনে শিশুমৃত্যু নয়! কলকাতার হাসপাতালের ময়নাতদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বার্তা ডেস্কঃ

রবিবার কলকাতা মেডিক্যাল কলেজে আন্দুলের বাসিন্দা এগারো বছরের বালক পবন যাদবের মৃত্যুর ঘটনায় তৈরি হওয়া চাঞ্চল্য কিছুটা হলেও কমল। পরিবারের পক্ষ থেকে ভুল ইনজেকশন দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছিল, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তা খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালকটির মৃত্যুর আসল কারণ ভুল ইনজেকশন নয়, বরং ক্ষুদ্রান্তে ছিদ্র বা গাট পারফোরেশন এবং তার জেরে সৃষ্ট সেপসিস শক। তিন দিন ধরে মলত্যাগ বন্ধ থাকায় পেটে তীব্র ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসকরা নিয়মমাফিক ইনজেকশন দিয়েছিলেন।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বালকের পেটে প্রচুর পুঁজ জমার প্রমাণ মিলেছে, যা থেকে চিকিৎসকদের অনুমান ঘটনাটি অন্তত চার-পাঁচ দিন আগের। একই ব্যাচের ইনজেকশন অন্য রোগীদের দেওয়া হলেও তাঁদের কোনো সমস্যা হয়নি বলে তদন্ত কমিটি সূত্রে জানা গিয়েছে। এদিকে এগারো বছরের একটি শিশুর ক্ষুদ্রান্তে এমন ছিদ্র কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ। বর্তমানে পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত কমিটির চূড়ান্ত পর্যালোচনার ওপর নির্ভর করে মৃত্যুর সঠিক নেপথ্য কারণ স্পষ্ট করার কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *