আইন হাতে তুলে নিলেই কড়া পদক্ষেপ! এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে একই দিনে পরপর দুটি এনকাউন্টারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে না। রাজ্যে বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, উভয় ক্ষেত্রেই গ্রেপ্তার বা তদন্ত প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তরাই প্রথমে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে দুই অভিযুক্তের মৃত্যু হয়। নারী নির্যাতন ও নেশামুক্তির বিষয়ে পুলিশ প্রশাসনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তিনি সাফ জানান।

মুখ্যমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আধিকারিকরা কোনো সমস্যায় পড়লে তিনি নিজে সর্বদা পাশে থাকবেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণরূপে গুন্ডামুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সতর্ক করেন যে, অপরাধীদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে, চোরবাগানের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাটি স্বীকার করে নিলেও, সমাজমাধ্যমে মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার তীব্র হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানালেও, কোনো ধরনের ভুয়ো খবর বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে বার্তা দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *