মার্সিডিস কাণ্ডে তোলপাড়, গ্রেপ্তারির পরেও কেন মুক্ত বিচারকের ছেলে?
বার্তা ডেস্কঃ
রবিবার ভোররাতে কোচিতে বিলাসবহুল মার্সিডিস বেঞ্জের ধাক্কায় নিহত হন ব্যবসায়ী জয়াবালাকৃষ্ণন। অভিযোগ, ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিল এক অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের ১৭ বছর বয়সি পুত্র। রিল বানানোর চক্করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সে স্কুটিচালককে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্তের বাবা প্রাসঙ্গিক ভিডিও মুছে ফেলার চেষ্টা করলেও পুলিশ তা উদ্ধার করে। নাবালক অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যুক্ত করে তাকে গ্রেপ্তার করা হলেও, কয়েক ঘণ্টার মধ্যেই সে জামিনে মুক্ত হয়ে যায়।
ঘটনায় বিচারকের প্রভাব খাঁটিয়ে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ তুলে শুরু থেকেই সোচ্চার হয়েছে মৃতের পরিবার। পুলিশের এই বিতর্কিত ভূমিকায় জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে শেষ পর্যন্ত অপসারিত করা হয় কোচির পুলিশ কমিশনার কলিরাজ মহেশকে এবং সেই পদে দায়িত্ব দেওয়া হয় আর নিশান্থিনিকে। পুণের পোর্শে কাণ্ডের পুনরাবৃত্তি ঘটায় পুলিশ কমিশনারের এই রদবদল কেবলই ‘ড্যামেজ কন্ট্রোল’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।