কর্নাটকে কংগ্রেসের ভরাডুবি, ‘ইটস ডান ব্রো’ বলে হুঙ্কার বিজেপির!

বার্তা ডেস্কঃ

কর্নাটকের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল ঘটাল বিধান পরিষদের উপনির্বাচন। স্নাতক ও শিক্ষককেন্দ্রের চারটি আসনেই নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি-জেডি(এস) সমর্থিত এনডিএ জোট। তিনটি আসনে বিজেপি এবং একটি আসনে জয়ী হয়েছে জোটসঙ্গী জেডি(এস)। অন্যদিকে, রাজ্যে নিজেদের সরকার থাকা সত্ত্বেও সম্পূর্ণ শূন্য হাতে ফিরতে হয়েছে শাসক দল কংগ্রেসকে। বিশেষ করে বেঙ্গালুরুর শিক্ষককেন্দ্রে কংগ্রেসের পাঁচবারের প্রতিনিধি পুট্টান্নাকে পরাজিত করে চমক দিয়েছে এনডিএ প্রার্থী এ পি রঙ্গনাথ। পাশাপাশি কংগ্রেসের গড় বলে পরিচিত কেন্দ্রগুলোতেও পরাজয়ের মুখ দেখেছে হাত শিবির।

এই বিপুল জয়ের পর রাজ্য রাজনীতিতে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এনডিএ-র এই সাফল্যের পর উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দিয়ে বিজেপি লিখেছে, ‘ইটস ডান ব্রো!’ জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামী অভিনন্দন জানিয়ে দাবি করেন, রাজ্য সরকারের দুর্নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে শিক্ষাবিদ এবং স্নাতকদের এটি স্পষ্ট জবাব। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই শোচনীয় পরাজয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *